গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি পুরাতন ব্যাটারি কারখানায় অভিযান পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরা খান।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন জানতে পারে যে, বেলাল হোসেন দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে শিসা (সীসা) গলানোর কাজ করে আসছিলেন। তার এই কার্যক্রমের ফলে স্থানীয় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল এবং আশপাশের কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরা খান জানান, কারখানা থেকে নির্গত বিষাক্ত বর্জ্য ও দূষিত পানি আশপাশে ছড়িয়ে পড়ায় এলাকায় তীব্র দুর্গন্ধ সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি মশার উপদ্রব বৃদ্ধি পেয়ে জনস্বাস্থ্যের জন্যও হুমকি তৈরি করছিল।
তিনি আরও জানান, পরিবেশ সংরক্ষণ আইনে কারখানার মালিক বেলাল হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে এবং এর সঙ্গে সংযুক্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে কারখানাটির কারণে তারা নানা সমস্যায় ভুগছিলেন। প্রশাসনের এ পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।




