পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৮ নং আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় একটি গুরুত্বপূর্ণ খাল দখল করে নেওয়ার অভিযোগে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে খালটির বড় একটি অংশ দখল করে ভরাট করে ফেলেছে, যা এলাকার পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
অভিযোগ রয়েছে, নুরুল হক মির, তার পিতা আসমান মির, বারেক, মজিদসহ আরও কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে খালের জায়গা নিজেদের দখলে নিয়ে নিচ্ছেন। ইতোমধ্যে খালের বিভিন্ন অংশে মাটি ভরাট করে গাছ লাগানো ও স্থায়ী দখলের চেষ্টা চলছে।
এলাকাবাসী জানান, একসময় গোলবুনিয়া খালটি ছিল পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত সরে যেত এই খালের মাধ্যমে। কিন্তু বর্তমানে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে, ফলে কৃষিজমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
একজন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা বলেন,
“খালটি আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। এটি দখল হয়ে গেলে আমরা বড় বিপদের মুখে পড়বো। প্রশাসনের কাছে আমাদের দাবি—দ্রুত খালটি দখলমুক্ত করা হোক।”
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সচেতন মহলের মতে, খাল দখল শুধু পরিবেশের জন্য নয়, বরং পুরো এলাকার জীববৈচিত্র্য ও কৃষি ব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে গোলবুনিয়া খাল দখলমুক্ত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হোক এবং দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।




