১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ ৪৭ বছরের পথচলা সম্পন্ন করেছে। এই সুদীর্ঘ সময়ে সংগঠনটির রাজনীতির সাথে যুক্ত থাকা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা পুনর্মিলনীর মেলবন্ধনে মিলিত হতে যাচ্ছেন। সময়ের পরিক্রমায় বর্তমানে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গৌরীপুরের সাবেক ছাত্রদল নেতাদের একই প্ল্যাটফর্মে ফিরিয়ে আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুনর্মিলনীর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলের সভাপতিত্বে এবং গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অনুভূতি প্রকাশ ও আলোচনা বক্তব্য প্রদান করা হয়।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান বলেন, ১৯৭৯ সালে তিনি ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হন। বর্তমানে তিনি বিএনপির রাজনীতির পাশাপাশি আইন পেশায় নিয়োজিত থাকলেও তাঁর রাজনীতির প্রথম পরিচয় তিনি একজন ছাত্রদলের কর্মী। ৪৭ বছর পর এই পুনর্মিলনীর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে পেরে তিনি অন্যরকম অনুভূতি ও আনন্দ প্রকাশ করেন।
গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, যৌবনের প্রথম প্রেম ছিল ছাত্রদল। দীর্ঘদিন পর ছাত্রদলের তৎকালীন সহযোদ্ধাদের সাথে আবার দেখা ও কথা হওয়ার ভাবনাই এক ভিন্ন আবেগ তৈরি করছে।
সভাপতির বক্তব্যে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল জানান, নিবন্ধন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে পুনর্মিলনীর আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হলো। আগামী ডিসেম্বর মাসে সুবিধাজনক একটি দিনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক শাহ নাসির উদ্দিন রুমন, গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহম্মেদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি শহীদুল ইসলাম মিলটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ খান পাঠান, যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত ও মহিউদ্দিন তালুকদার আকাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন আলম তারা ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।