প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ৪:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৬, ৯:৫৮ এ.এম
ঘোড়াঘাটে ভোরের সড়ক দুর্ঘটনা: অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের
দিনাজপুরের ঘোড়াঘাটে ভোরবেলা ঘটে গেল মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা। অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় বাবু (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কশিগাড়ি এলাকায়, খাদ্য গুদাম সংলগ্ন মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার কশিগাড়ি মধ্যপাড়া গ্রামের দয়াল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের নির্জন সড়কে হঠাৎই অজ্ঞাত একটি যানবাহন বাবুকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং তার পায়ের হাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পরপরই এক অজ্ঞাতনামা ভ্যানচালক মানবিকতার পরিচয় দিয়ে গুরুতর আহত বাবুকে উদ্ধার করে দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্তে নেমেছে এবং ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
এদিকে আকস্মিক এ মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.