২০২৫-২৬ অর্থবছরে প্রগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেশিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় সন্দ্বীপে অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস। কৃষি খাতে আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আয়োজিত এ কংগ্রেসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়াম-এ এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা কৃষি কর্মকর্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা। তিনি বলেন, কৃষি ও পুষ্টি খাতকে একসঙ্গে বিবেচনায় নিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার, প্রশিক্ষণ এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের এবং সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর। তারা বলেন, কৃষি খাতের উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করতে হবে এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা জরুরি।
এছাড়া বক্তব্য দেন উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন। তিনি কৃষি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণপ্রদান ও আর্থিক সহায়তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সজিব, পৌরসভা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম মাহি, বাউরিয়ার তরুণ কৃষি উদ্যোক্তা জিহাদ এবং মুছাপুরের কৃষি উদ্যোক্তা ফাতেমা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন, বাজারসংযোগ উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। বিশেষ করে তরুণদের কৃষিতে আকৃষ্ট করতে প্রশিক্ষণ, প্রযুক্তি সহায়তা ও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
তারা আরও বলেন, কৃষি খাতের উন্নয়নই গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই সরকারি-বেসরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন এবং কৃষকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি টেকসই, পুষ্টিসমৃদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।




