
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের চর রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চর রাজিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ১০টায় এক বর্নাঢ্য আনন্দ মিছিল করা হয় উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি উপজেলা সদস্য সচিব, আব্দুল হাই সরকার, অধ্যাপক গোলাম মোস্তফা, হাফিজুর রহমান,কেএম ওসমান গনি, অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল, যুবদল আহবায়ক প্রভাষক রোস্তম মাহমুদ লিখুন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান ।
কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা অংশ নেন।




