
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় চারঘাট উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
এ সময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সরাউদ্দিন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুটসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, খামারি ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে খামার ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলে দেশের দুধ, ডিম ও মাংসের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও এসব পণ্য রপ্তানি করা সম্ভব হবে। সরকার খামারিদের পাশে রয়েছে। তাঁদের যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
তিনি আরও বলেন, রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে নিরাপদ ও রোগমুক্ত পশু উৎপাদনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কৃষি ও প্রাণিসম্পদ একে অপরের পরিপূরক। শিক্ষিত বেকার যুবকদের প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহজ শর্তে ঋণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন জরুরি।
এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠান শেষে খামারিদের মধ্যে প্রাণিসম্পদ উন্নয়ন ও রোগ প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি তাঁদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে পরামর্শ প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা মনে করেন, আধুনিক প্রযুক্তি, উন্নত প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতা নিশ্চিত করা গেলে চারঘাটের প্রাণিসম্পদ খাত স্থানীয় অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।





