![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৯:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১২:১৮ পি.এম
চারঘাটে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজশাহীর চারঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটে চারঘাট পল্লী বিদ্যুৎ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি চারঘাট বাজার প্রদক্ষিণ করে চারঘাট মডেল মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। আয়োজকদের দাবি, মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
চারঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তরিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. নাজমুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. শফিকুল, জেলা যুব বিভাগের সেক্রেটারি মো. আইয়ুব আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সুফেল রানা, রাজশাহী জেলা পূর্ব শিবিরের প্রচার সম্পাদক মো. নাহিদ হাসান শুভ, চারঘাট উপজেলা শিবিরের সভাপতি আব্দুর রাজ্জাক, নন্দনগাছী থানা সভাপতি আব্দুল্লাহ এবং হলিদাগাছী থানা সেক্রেটারি ইমরান হাসান।
এ ছাড়া উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদের সদস্য মো. আব্দুল্লাহ, মো. শেরে আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পৌরসভা ও ইউনিয়ন শাখার আমির, সভাপতি ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার তাণ্ডবে দেশ রক্তাক্ত হয়েছিল। ওই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। তারা শহীদ মাসুম, শিপন ও মুজাহিদসহ নিহতদের স্মরণ করে বলেন, হত্যাকাণ্ডের মাধ্যমে ইসলামী আন্দোলন বন্ধ করা সম্ভব হয়নি।
বক্তারা আরও বলেন, ভবিষ্যতে দেশে যেন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং বিগত সরকারের আমলে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। এ সময় তাঁরা ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের আত্মত্যাগের কথাও তুলে ধরেন।
সমাবেশের প্রধান অতিথি অধ্যক্ষ মো. নাজমুল হক ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের পাশাপাশি জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ ও আহতদের জন্য দোয়া করেন। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.