বিশ্ব যুব দিবস উপলক্ষে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে যুব ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ৮টায় সরদহ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত এ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। এতে শত শত যুবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
চারঘাট উপজেলা যুব বিভাগের সভাপতি মো. সুফেল রানার সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. ইব্রাহীম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. গোলাম মর্তুজা। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা যুব বিভাগের সভাপতি মো. নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. নাজমুল হক, জেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. শফিকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তরিকুল ইসলাম এবং জেলা শিবিরের সাহিত্য সম্পাদক মো. নাহিদ হাসান শুভসহ দলীয় নেতৃবৃন্দ।
ম্যারাথন শেষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বিশ্ব যুব দিবস-২০২৬-এর সফলতা কামনা করেন। এবারের বিশ্ব যুব দিবসের প্রতিপাদ্য ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ উল্লেখ করে বক্তারা দেশের যুবসমাজকে জনশক্তি থেকে যুবসম্পদে পরিণত করতে সরকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
বক্তারা চারঘাটের যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানান। একই সঙ্গে সারাদেশকে মাদকমুক্ত করতে সরকার ও প্রশাসনের কার্যকর সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি মো. গোলাম মর্তুজা অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। তিনি জুলাই-আগস্টের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
ম্যারাথনে অংশ নেওয়া যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।



