
বাগেরহাটের চিতলমারীতে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আহসান হাবিব (ঠান্ডু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াসিম কুমার সমাদ্দার এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব অনুপম সাহা।
এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, স্থানীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং চিতলমারী থানা প্রেসক্লাবের সভাপতি শহিদুল হক টিপু ও সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার উপস্থিত ছিলেন।
সভায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, স্বেচ্ছাসেবক দল গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি স্থানীয় যুবকদের সমন্বয়ে বিশেষ টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই উৎসব যেন কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, সেজন্য প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
সভায় স্থানীয় বিভিন্ন পূজামণ্ডপের উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাঁদের নিজ নিজ মণ্ডপের সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতির কথা তুলে ধরেন।
সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি হয়।





