![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৬:৫২ এ.এম
ছারছীনা দরবারে তিন দিনব্যাপী ইছালে ছাওয়াব মাহফিল শুরু ২৯ নভেম্বর
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফে আগামী ২৯ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন। ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চলবে এ ধর্মীয় আয়োজন। মঙ্গলবার (১ ডিসেম্বর) বাদ জোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হবে।
দরবার শরীফের তথ্য অনুযায়ী, বাংলা ১৪৩৩ সনের ১৪, ১৫ ও ১৬ অগ্রহায়ণ এ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের ওলামায়ে কেরাম, খোলাফা, তালিমদাতা, পীরভাই, মুহিব্বিন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সদস্য এবং ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা ও আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত ছারছীনা দরবার শরীফ। দরবারটির প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সূফী মাওলানা নেছারুদ্দীন আহমদ (রহ.)। তাঁর উদ্যোগে এখানে ধর্মীয় শিক্ষা, ইসলামী আদর্শের প্রচার ও সুন্নাহভিত্তিক জীবনাচার প্রতিষ্ঠার কার্যক্রম বিকশিত হয়। তাঁর প্রতিষ্ঠিত ধর্মীয় ও শিক্ষামূলক ধারাবাহিকতা পরবর্তী সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃতি লাভ করে।
দীর্ঘদিন ধরে ছারছীনা দরবার শরীফের বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ধর্মপ্রাণ মুসলমান, অনুসারী ও ভক্ত-মুহিব্বিনদের এক মিলনমেলায় পরিণত হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে ধর্মীয় আলোচনা, দ্বীনি শিক্ষা, আত্মশুদ্ধি এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় সম্মিলিত দোয়ার আয়োজন করা হয়।
এবারের মাহফিলের আহ্বান জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন।
মাহফিলের শেষ দিন মঙ্গলবার (১ ডিসেম্বর) বাদ জোহর আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে। এ উপলক্ষে ছারছীনা দরবার শরীফের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.