বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় মাটির কাঁচা রাস্তা পাকা করে দেওয়ার জন্য সরকারকে জানানোর জন্য মানববন্ধন করে গ্রামবাসী। শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন ৪ নং সাউথখালী ইউনিয়নের ৮ নং পশ্চিম চালিতা বুনিয়া গ্রামে দীর্ঘদিন ধরে মাটির কাঁচা রাস্তা থাকায় জনদুর্ভোগের শিকার হচ্ছে ওই এলাকায় বসবাসকারীরা। ৬০০ মিটার দৈর্ঘ্যের মাটির কাঁচা রাস্তা বৃষ্টির সময় কর্দমাক্ত হয়ে যায়। এই সময় স্কুলে যেতে ছাত্র-ছাত্রীদের অনেক সমস্যায় পড়তে হয় । কেউ অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা যায় না। মাটির কাঁচা রাস্তা থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে না পারায় অনেকের মৃত্যু হয়েছে। ৮ নং পশ্চিম চালিতাবুনিয়া গ্রামের জামাল চোকিদারের সরকারি পুকুর থেকে অমূল্য গাইনের বাড়ি পর্যন্ত ৬০০ মিটার কাঁচা রাস্তা পাকা করে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি করে এসেছে এলাকাবাসী । তাই মাটির কাঁচা রাস্তা পাকা না হওয়ায় এলাকাবাসী মানববন্ধন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন বৃষ্টি মৌসুমের আগে দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে মাটির কাঁচা রাস্তা পাকা করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানাই। মাটির কাঁচা রাস্তা পাকা করে দেওয়ার ব্যাপারে ৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ শহিদুল আলম লিটন বলেন উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে আলাপ করে দ্রুত মাটির কাঁচা রাস্তা পাকা করে দেওয়ার ব্যাপারে কাজ করছি এবং করবো । শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন বিগত আওয়ামী লীগ সরকার আমলে ৪ নং সাউথখালি ইউনিয়নে উন্নয়নমূলক কাজ হয়নি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন আগামী দিনে কোন মাটির রাস্তা থাকবে না। দ্রুত উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ইঞ্জিনিয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সাথে কথা বলে ৬০০ মিটার দৈর্ঘ্যের কাঁচা রাস্তা পাকা করে দেওয়ার ব্যবস্থা করব। শরণখোলা উপজেলার উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম বলেন সরকারি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান বলেন জন ভোগান্তি কমাতে বৃষ্টির আগে খুব দ্রুত মাটির কাঁচা রাস্তা পাকা করে দেওয়া হবে।



