![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ২:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৫:৩৬ এ.এম
জমি নিয়ে বিরোধে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৪নং জামালপুর ইউনিয়নের বুজরুক রসুলপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি থেকে বের করে দেওয়া, হুমকি ও জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ পলাশ আকন্দ (২৬) নামে এক ব্যক্তি সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে পলাশ আকন্দ উল্লেখ করেন, বিবাদী মোঃ সামিউল আকন্দ (৩৫) ও তার স্ত্রী মোছা. সাজেদা বেগম (৩০) তার ভাই ও ভাইয়ের স্ত্রী। অভিযোগকারীর দাবি, তার বাবা মোঃ জামাত আলী গত ১৩ অক্টোবর ২০২৫ তারিখে ৫৩০৫ নম্বর দলিলের মাধ্যমে ১৪ শতক জমি তাকে, তার ভাই আমিনুর ইসলাম ও তার মা-কে দলিল করে দেন।
অভিযোগে বলা হয়, জমি দলিল করে দেওয়ার পর থেকেই পারিবারিক ও জমি-সংক্রান্ত বিরোধের সূত্র ধরে বিবাদীরা অভিযোগকারী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্নভাবে অন্যায় আচরণ ও হয়রানি করতে থাকেন। একপর্যায়ে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হলে তারা বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করার পর পুলিশ বিবাদীদের থানায় উপস্থিত হওয়ার জন্য বললেও তারা উপস্থিত হননি। পরে গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তিনি ও তার স্ত্রী নিজ বাড়িতে গেলে বিবাদীরা তাদের গালিগালাজসহ বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, সর্বশেষ ১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৮টার দিকে বিবাদীরা অভিযোগকারীকে বাড়ি থেকে বের করে দেন। একই দিন দুপুর আনুমানিক ১২টার দিকে তার স্ত্রীকেও বাড়ি থেকে বের করে দিয়ে প্রাণনাশ ও ক্ষতির হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, তিনি, তার বাবা-মা ও স্ত্রী বাড়িতে গেলে তাদের খুন-জখম করা, নিরাপদে বসবাস করতে না দেওয়া এবং জায়গা-জমি জোরপূর্বক দখল করে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
অভিযোগপত্রে সাক্ষী হিসেবে মোঃ বেলাল হোসেন ও মোছা. ফেন্সী আক্তারসহ স্থানীয় আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় অভিযোগকারী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.