যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান-২০২৬।
দিবসটি উপলক্ষে জেলার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত ব্যক্তিরা এক মিনিট নীরবতা পালন করেন এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করেন।
এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। এই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতিকে ন্যায়, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা জোগাবে। তারা জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রেখে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে শহীদদের অবদান তুলে ধরা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করা হবে।