জাতীয় সিরাতুন্নবী (সা.) ভিডিও বক্তব্য প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে লক্ষ্মীপুরের তানজিল ও নাফিস

বাংলাদেশ দাওয়াহ সার্কেল কর্তৃক আয়োজিত জাতীয় সিরাতুন্নবী (সা.) ভিডিও বক্তব্য প্রতিযোগিতা–২০২৫ এ সাফল্যের স্বাক্ষর রেখেছেন লক্ষ্মীপুরের দুই মেধাবী শিক্ষার্থী মো. তানজিল হোসাইন ও এহসানুল হক নাফিস। প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে সেরা দশে স্থান করে নিয়ে তানজিল দ্বিতীয় এবং নাফিস তৃতীয় স্থান অর্জন করেন।

শনিবার (০৯ মে) সকালে রাজধানীর কাকরাইলস্থ আইডিবি ভবনের মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

জানা যায়, দ্বিতীয় স্থান অর্জনকারী মো. তানজিল হোসাইন লক্ষ্মীপুর পৌর শহরের ২নং ওয়ার্ডের আব্দুল ব্যাপারী বাড়ির মৃত আবু ইয়ূছুফ ও জান্নাতুন নাইম দম্পতির সন্তান। অন্যদিকে তৃতীয় স্থান অর্জনকারী এহসানুল হক নাফিস সদর উপজেলার দক্ষিণ মান্দারির বাসিন্দা। তিনি মান্দারি বাজার বড় মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান ও পারভিন আক্তারের ছেলে।

তানজিল বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একই শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী এহসানুল হক নাফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সাদিকুর রহমান আজহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিছবাহুল উলূম কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মু. মহিউদ্দিন আহমদ।

অনুভূতি প্রকাশ করে তানজিল হোসাইন বলেন, “এমন একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করা সত্যিই সৌভাগ্যের। একই সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থীর সেরা দশে স্থান পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়।

এহসানুল হক নাফিস বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সিরাত নিয়ে কথা বলতে পারাটাই ছিল আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এই অর্জন সেই আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, জাতীয় এ প্রতিযোগিতায় সারাদেশ থেকে প্রায় ১১০০ জন প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন। বিচারকমণ্ডলীর মূল্যায়নের মাধ্যমে সেরা ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে ১৫ হাজার, ১২ হাজার ও ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদের প্রত্যেককে ৫ হাজার টাকা, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। সর্বমোট প্রায় দেড় লক্ষ টাকার পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন