আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখ। বর্ষবরণে জামালপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোভাযাত্রা বকুলতলা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শুভ নববর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,, এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, এমপি (মাননীয় সংসদ সদস্য, জামালপুর সদর-৫)
আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক জনাব মুহাম্মদ ইউসুপ আলী মহোদয় এবং পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন।
বৈশাখী শোভাযাত্রায় তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য। বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলোবালির মেঘ উড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে বৈশাখ এসেছে এক নবজাগরণের প্রতীক হয়ে। বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন, যেন বলছে-এসেছে উৎসব, এসেছে রঙ, এসেছে বৈশাখ।
বৈশাখে কেবল প্রকৃতিই নয়, জেগে ওঠে বাঙালির হৃদয়। বাঙালির জীবনচক্রে প্রকৃতির মেজাজি সন্তান বৈশাখ যেন অনিবার্য। তাইতো এবারের পহেলা বৈশাখও এসেছে ভিন্ন রূপে। এ বৈশাখ শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর শুরু করার নয়, এটি একটি নতুন অধ্যায়ের সূচনা।




