জামালপুরে স্কুলছাত্রী দর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জামালপুরের দেওয়ানগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় মাহমুদুল হাসান সাকিল (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত মাহমুদুল হাসানের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানি মুথুরাদি এলাকায়। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফজলুল হক রায়ের তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১২ মে সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার এলাকা থেকে ওই স্কুলছাত্রী নিখোঁজ হন। বিয়ের প্রলোভন দেখিয়ে সাকিল তাঁকে অপহরণ করেন। পরে শেরপুরের শ্রীবরদী উপজেলার একটি বাড়িতে নিয়ে তাঁকে ধর্ষণ করেন। এরপর টঙ্গীর দেউরা এলাকার একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়।

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা দেওয়ানগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ওই বছরের ১৯ মে দেউরা এলাকার ভাড়া বাসা থেকে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে।

পিপি ফজলুল হক বলেন, ধর্ষণ মামলায় মাহমুদুল হাসান সাকিলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ ভুক্তভোগী পাবেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন