নাশকতার অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলার ৪ নম্বর হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এনামুল হক নিলু সদর উপজেলার শালিয়া গ্রামের হাজী রুস্তম আলীর ছেলে। তিনি বর্তমানে হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর সদর উপজেলার নগরবাথান বাজার এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টার অভিযোগ ওঠে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে এনামুল হক নিলুকে গ্রেপ্তার করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গত ১০ নভেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার চেষ্টা ও জানমালের ক্ষতিসাধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।