
ঝিনাইদহে বিসিআইসি সারের ডিলার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও আওয়ামীকরণের অভিযোগ তুলে জেলা প্রশাসক মো. নোমান হোসেন প্রিন্সের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৮ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জেলা জামায়াতের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পূর্বঘোষিত এ কর্মসূচিতে জেলার ছয়টি উপজেলা থেকে আসা শত শত নেতাকর্মী অংশ নেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিতর্কিত ডিলার নিয়োগ বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নতুন করে নিয়োগ দেওয়ার দাবি জানান বক্তারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকর অভিযোগ করেন, সারসংকট তৈরি করে কৃষকদের জিম্মি করার উদ্দেশ্যে ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম করা হয়েছে। তিনি বিতর্কিত সার-বীজ মনিটরিং কমিটি এবং দলীয় বিবেচনায় দেওয়া ডিলারশিপ বাতিলের দাবি জানান।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই জেলা প্রশাসকের ভূমিকার সমালোচনা করে বলেন, “সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে হাতে চুড়ি পরে বসে থাকুন।” এ সময় তিনি জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিষদকে ঘিরে কথিত সিন্ডিকেটের অভিযোগ তুলে ধরেন। এসব বিষয়ে সংশোধন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলিম, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল এবং সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমানসহ অন্য নেতারা।
বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, বিতর্কিত ডিলার নিয়োগ বাতিল এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন নিয়োগের দাবি জানান। তবে এসব অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক মো. নোমান হোসেন প্রিন্স কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।





