টাঙ্গাইলে লৌহজং ও ধলেশ্বরী নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

টাঙ্গাইল জেলার নদী ভাঙন রোধ ও নাব্যতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে “টাঙ্গাইল জেলার আওতাধীন ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন এবং টাঙ্গাইল পৌর এলাকায় নদীতীর প্রতিরক্ষা কাজ” শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ মে ২০২৬) সকাল ১০টায় করটিয়া ইউনিয়নের ক্ষুদিরামপুর এলাকায় লৌহজং নদীর উপর অবস্থিত ক্ষুদিরামপুর ব্রিজ সংলগ্ন স্থানে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নদীর নাব্যতা বৃদ্ধি পাবে, বন্যা ও ভাঙন কমবে এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা আরও নিরাপদ হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার এবং সংশ্লিষ্ট কর্মকর্তা জনাব সঞ্জয় কুমার মহন্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ মাঈন উদ্দিন।
উদ্বোধনী স্থানে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। করটিয়ার এটিএম লুঙ্গি ফ্যাক্টরির পাশ দিয়ে অল্প দূরত্বে অবস্থিত ক্ষুদিরামপুর ব্রিজ এলাকায় এই খনন কার্যক্রমের সূচনা করা হয়।
প্রকল্পটি বাস্তবায়ন করছে টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB), টাঙ্গাইল। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ টাঙ্গাইলের নদী ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং পরিবেশ ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন