অদ্য ০৮ নভেম্বর ২০২৬ তারিখ বেলা ১১:০০ ঘটিকায় কেএমপি হেডকোয়র্টার্সের সম্মেলন কক্ষে ট্রাফিক বিভাগের পেশাদারিত্ব, গতিশীলতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স), কেএমপি, খুলনা।
গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য ০১ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ০৫ জন সার্জেন্ট, ০৫ জন এটিএসআই এবং ২০ জন কনস্টেবলকে আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় বলেন, দোলনা থেকে কবর পর্যন্ত শেখার সময়; শেখার কোনো শেষ নেই। বিভিন্ন বড় বড় কর্মসূচিতে দায়িত্ব পালন করতে গিয়ে যেসকল ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হয়, সেগুলো সংশোধন করে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে পেশাদারিত্ব বৃদ্ধি করতে হবে। ট্রাফিক সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান ইউনিট ট্রাফিক পুলিশ, কারণ জনগণ তাদের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করে থাকে। এজন্য ট্রাফিক বিভাগের সদস্যদের সততা, দক্ষতা, নিষ্ঠা এবং ধৈর্যের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, নিজেদের সন্তানদের ভালো ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে নিজেদের নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। পরিশেষে তিনি বলেন, ট্রাফিক পুলিশ, সার্জেন্ট, টিআইসহ প্রত্যেক সদস্যকে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যথাযথভাবে আইন প্রয়োগ করতে হবে। বিভাগের নিয়মকানুন ও শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি নিজেদের শারীরিক সুস্থতার প্রতিও খেয়াল রেখে দায়িত্ব পালন করতে হবে।
এসময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।