শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, জীবনমানের উন্নয়ন, ভাষা-সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন দাবি তুলে ধরেছেন বক্তারা।
রোববার জাতীয় আদিবাসী পরিষদ, ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে শহরের প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ‘আদিবাসী ধাত্রীদের সম্মান—জীবন ও সুস্বাস্থ্য রক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় আদিবাসী জনগোষ্ঠীর নারী-পুরুষ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।
শোভাযাত্রা শেষে প্রেসক্লাব চত্বরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি যাকোব খালকোর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, দেশের আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নানা ধরনের সামাজিক, অর্থনৈতিক ও ভূমি-সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়ে আসছে। তাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
বক্তারা আরও বলেন, আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য দেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এসব ঐতিহ্য সংরক্ষণে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আদিবাসী নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ মাতৃস্বাস্থ্যসেবা ও ধাত্রীদের যথাযথ সম্মান ও প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানান তারা।
সভায় আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিত করা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং বৈষম্য দূর করার পাশাপাশি তাদের সাংবিধানিক ও মানবাধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, শুধু একটি নির্দিষ্ট দিনে আদিবাসীদের অধিকার নিয়ে আলোচনা না করে বছরের প্রতিটি দিন তাদের জীবনমান উন্নয়নে কার্যকর কর্মসূচি গ্রহণ করতে হবে। উন্নয়নের মূলধারায় আদিবাসী জনগোষ্ঠীকে সম্পৃক্ত করলেই একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।
উল্লেখ্য, বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণ এবং তাদের জীবন-জীবিকার নানা সংকট সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। ১৯৯৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।




