প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ১১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৬, ১১:৩৫ পি.এম
ঠাকুরগাঁও সীমান্তে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-এস্কাফ জব্দ
ঠাকুরগাঁও সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৩ আগস্ট) ভোরে জেলার কাঁঠালডাংগী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৫৩ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১৪৪ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, কাঁঠালডাংগী বিওপির হাবিলদার মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি টহলদল সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সীমান্তের মেইন পিলার-৩৭০ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গেরুয়াডাংগী এলাকায় পরিত্যক্ত অবস্থায় মাদকদ্রব্যগুলো পাওয়া যায়।
পরে সেগুলো জব্দ করে বিজিবি। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও মাদক নির্মূলে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.