ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ আসনে দলটির পক্ষ থেকে আবারও দেলাওয়ার হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবেও তার নাম ঘোষণা করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত দলের দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা আসে। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম প্রকাশ করেন।
দেলাওয়ার হোসেন বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন।
দলীয় সূত্রে জানা যায়, এর আগেও তিনি ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
সমাবেশে মাওলানা আব্দুল হালিম বলেন, জনগণের ভোটের মাধ্যমে প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো নির্বাচন। গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও জানান, ১১ দলীয় জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দেলাওয়ার হোসেনকে জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন