ডিসেম্বরকে ঘিরে হাইপ তৈরি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
তিনি বলেন, গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া কোনো রাজনৈতিক শক্তির এত অল্প সময়ে ফিরে এসে পুনরায় নেতৃত্ব দেওয়ার নজির পৃথিবীর ইতিহাসে নেই।
রোববার (১৫ নভেম্বর) সকালে ফরিদপুরের সদরপুর উপজেলা স্টেডিয়ামে আব্দুস সামাদ মুন্সি ইসলামিয়া মাদরাসার ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় এমপি বাবুল অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনটি জনগণের সঙ্গে সম্পৃক্ত না হয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সম্প্রতি ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত হওয়ার জন্যও তিনি সংগঠনটিকে দায়ী করেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনটি নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তবে বাংলাদেশের মানুষ সজাগ রয়েছে। আমরা বিশ্বাস করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হবে।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, যুবদল নেতা মুন্সী ইসারতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।