
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতের বার্তা পৌঁছে দেন দলের নেতারা।
ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে গাজীপুর প্রশাসনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পক্ষ থেকে পাঠানো একটি বার্তা গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে পৌঁছে দেওয়া হয়।
এদিন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের সঙ্গে সাক্ষাৎ করে ওই বার্তা হস্তান্তর করেন।
এ সময় মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খায়রুল হাসান, সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা এবং অফিস সেক্রেটারি আবু সিনা নূরুল ইসলাম মামুনসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে পাঠানো একই বার্তা গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের কাছেও পৌঁছে দেওয়া হয়। এ সময় গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলমসহ জেলা ও মহানগর জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।


