রাজশাহীর তানোরে জমি দখলকে কেন্দ্র করে এক পল্লী চিকিৎসককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, মারপিট ও দোকানঘর লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ জনকে আসামি করে তানোর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী মোঃ গোলাম রাব্বানী (৪৬), পিতা- মৃত আব্দুল আজিজ, সাং- হাসনাপাড়া চোরখোর, মুন্ডুমালা পৌরসভা, তানোর। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক।
এজাহারে অভিযুক্তরা হলেন-
১.মোঃ এসারউদ্দিন মাস্টার (৪৮), ২. মোঃ হুমায়ন (৫০), ৩. মোঃ নজরুল ইসলাম (৫২), সর্ব পিতা- মৃত আব্দুস সাত্তার, সাং- বাধাইড় (ঢালানপাড়া), ৪. মোঃ রফিকুল ইসলাম (৪৮), পিতা- আব্দুল জব্বার, সাং- আয়ড়া ৫. মোঃ হাসান আলী (৪৮), পিতা- মৃত আবু বক্কর সিদ্দিক, সাং- খাড়িকুল্লা , থানা- তানোর।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী গোলাম রাব্বানীর ক্রয়কৃত জমি তানোরের ২নং বাধাইড় ইউনিয়নের বাধাইড় মিশনপাড়া মৌজায় অবস্থিত। সেখানে তিনি একটি টিনশেড দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিলেন অভিযুক্তরা।
গত ০৪/১০/২০২৪ খ্রিঃ সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র হাসুয়া, লোহার রড, শাবল ও বাঁশের লাঠি নিয়ে তার দোকানে অনধিকার প্রবেশ করে বেড়া দিয়ে ঘেরাও শুরু করে। ভুক্তভোগী বাধা দিলে ২নং আসামি হুমায়ুনের হুকুমে সকলে মিলে তার উপর হামলা চালায়।
এজাহারে উল্লেখ করা হয়, ১নং আসামি আসাদুল মাতবর ধারালো হাসুয়া দিয়ে তার মাথার ডান পাশে কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। অন্য আসামিরা লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও কালশিরা জখম করে। এ সময় গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগে বলা হয়।
হামলাকারীরা দোকানে থাকা নগদ ২২ হাজার টাকা এবং প্রায় ৫০ হাজার টাকার ঔষধপত্র ও চিকিৎসা সামগ্রী লুট করে নিয়ে যায় এবং দোকানঘরে তালা ঝুলিয়ে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় ৬টি সেলাই দেওয়া হয়েছে।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।