মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের তারাকান্দায় গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) উপজেলার মধুপুরে গ্রামাউস তারাকান্দা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সোবাহান, ময়মনসিংহ সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি রেহেনা পারভীন ববি, তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
কর্মসূচির আওতায় গ্রামাউসের উপকারভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে এগিয়ে আসতে হবে।