
ময়মনসিংহের তারাকান্দায় জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মাসকান্দা ও মধুপুর খালের কচুরিপানা অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান ও বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার এবং তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামসহ মাসকান্দা, বকশীমূল, পিঠাসুতা, ভূগলী, গোয়ালকান্দি ও রাউতনবাড়ী এলাকার সচেতন নাগরিক সমাজ।
স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খালের কচুরিপানা ও বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে খালে কচুরিপানা জমে থাকার কারণে পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি হচ্ছিল এবং বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছিল।
স্থানীয়রা জানান, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সুরক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে এমন স্বেচ্ছাশ্রমভিত্তিক সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, সম্প্রতি তারাকান্দা-ফুলপুর এলাকার জনপ্রতিনিধিদের উদ্যোগে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কার্যক্রম ব্যাপকভাবে আলোচিত হয়েছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমাজ ও জনকল্যাণমূলক কাজে সবাই একসঙ্গে এগিয়ে আসলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয়দের প্রত্যাশা, সামাজিক উন্নয়ন ও জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের স্বেচ্ছাশ্রমভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে।




