![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ৭:১২ এ.এম
দামুড়হুদা দুধপাতিলা এলাকায় মালবাহী ট্রেনে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় দুই লোকো মাষ্টার আহত
চুয়াডাঙ্গা দামুড়হুদায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা চালিয়ে দুই রেলকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।এ সময় তাদের মোবাইল ফোন, টাকা-পয়সা ও পরনের কাপড়চোপড় পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৩টা ২০ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা মুরগির ফার্ম এলাকায় মুখোশধারী দুর্বৃত্তদের এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন-বিটিও ট্যাংকার ট্রেনের লোকো মাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকো মাস্টার কবীর হোসেন। স্থানীয়দের সহযোগিতায় আহত দুই রেলকর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। লোকো মাস্টার নজরুল ইসলাম বলেন, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি বিটিও ট্যাংকার ট্রেন (PSIK ৬ DOWN) ক্রসিংয়ের জন্য ওই এলাকায় দাঁড়িয়ে ছিল। এসময় চারজন মুখোশধারী ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আমাদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। একপর্যায়ে আমাদের কাছে থাকা দামী মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ও পরনের কাপড় চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার ইয়াছিন আরাফাত বলেন, ঘটনার পর ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়। বর্তমানে ট্রেনটি উথলী স্টেশনে অবস্থান করছে। ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হবে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ঘটনার বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। তবে, বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে বলে জানাযায়।
তবে এলাকার জনসাধারণ এইসব দুর্বৃত্তদের নিয়ে আতঙ্কের মধ্যে আছে বলে জানান।তারা আরো বলেন এলাকায় দিন দিন চুরি ছিনতাই ও সন্ত্রাসী/ দুর্বৃত্তদের কার্যক্রম বেড়েই চলেছে। এর থেকে জনগণ মুক্তি চাই এ বিষয়ে পুলিশ প্রশাসনকে জোরদার ভূমিকা রাখাতে হবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.