![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ৭:১১ এ.এম
দীর্ঘদিন পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি সুজন, সম্পাদক সোহাগ, সাংগঠনিক সুমন পাইক
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ঘোষিত ৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লাকে সভাপতি, শেখ মনিরুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক এবং সুমন পাইককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহ-সভাপতি মনিরুজ্জামান মান্না, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খান সবুজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ ও সাবেক পৌর যুবদলের সদস্য সচিব ওমর আলী মুন্না।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন এমপি ১৬ নভেম্বর এ কমিটির অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে বাগেরহাট জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালে হারুন-অর-রশীদকে সভাপতি এবং সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে বাগেরহাট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালে কেন্দ্রীয় কমিটি জেলা যুবদলের ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এরপর দীর্ঘ সময় বাগেরহাট জেলা যুবদলের কোনো কার্যকর কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। দীর্ঘ বিরতির পর নতুন আংশিক কমিটি ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ সুজন মোল্লা বলেন, জাতীয়তাবাদী দলের অভিভাবক তারেক রহমানের সুচিন্তিত মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি এ কমিটি ঘোষণা করেছে। বাগেরহাট জেলা যুবদল অতীতের মতো আগামী দিনেও দলের সকল আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ দলের প্রতিটি কর্মসূচিতে জেলা যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.