![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৮:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ৬:৩০ এ.এম
দুই মাস পর বড়পুকুরিয়া কয়লাখনিতে আবারও উত্তোলন শুরু
দুই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে আবারও কয়লা উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোরে খনির ভূগর্ভের নতুন ১৪০৫ নম্বর ফেজ থেকে প্রাথমিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়। শুক্রবার সকাল থেকে এ ফেজে পুরোদমে উত্তোলন কার্যক্রম চালু করা হয়েছে।
খনি সূত্রে জানা গেছে, ভূগর্ভের ১৩০৯ নম্বর পুরোনো ফেজের কয়লা শেষ হয়ে যাওয়ায় গত ১২ আগস্ট থেকে উত্তোলন বন্ধ ছিল। ওই ফেজ থেকে মোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। এরপর গত দুই মাস ধরে প্রয়োজনীয় যন্ত্রপাতি নতুন ফেজে স্থানান্তরসহ বিভিন্ন কারিগরি কার্যক্রম সম্পন্ন করা হয়।
এসব কাজ শেষে নতুন ১৪০৫ নম্বর ফেজ থেকে বৃহস্পতিবার রাতে প্রাথমিকভাবে ২১৫ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। পরে শুক্রবার সকাল থেকে পুরোদমে কয়লা উত্তোলন শুরু হয়। এতে খনিতে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন ফেজ থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে খনির ইয়ার্ডে প্রায় ৬ লাখ মেট্রিক টন কয়লা মজুত রয়েছে।
দীর্ঘ দুই মাস পর কয়লা উত্তোলন শুরু হওয়ায় খনির উৎপাদন কার্যক্রমে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.