![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ৬:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ৯:১৫ এ.এম
দুবাই থেকে দেশে এসে ৭০০-এর বেশি অসহায় মানুষের পাশে মতিয়ার রহমান, মাসে মাসে খাদ্য সহায়তা
প্রবাসজীবনের ব্যস্ততা ও হাজার মাইল দূরত্বও যাঁকে দেশের অসহায় মানুষের সেবা থেকে দূরে রাখতে পারেনি, তিনি দুবাই প্রবাসী সমাজসেবক মতিয়ার রহমান। নিজের অর্থায়নে ৭০০-এর বেশি অসহায় ও দরিদ্র মানুষের জন্য নিয়মিত খাদ্য সহায়তার ব্যবস্থা করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও অনুদান বিতরণ করেন তিনি। প্রতি মাসের ১০ তারিখে দুবাই থেকে বাংলাদেশে এসে নিজ উদ্যোগে রেশন কার্ডধারীদের মধ্যে চাল, ডাল, চিনি, তেল ও লবণসহ পাঁচ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে ৭০০-এর বেশি মানুষ উপকৃত হচ্ছেন।
প্রবাসে থেকেও দেশের মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে তাঁর এ উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে। নিজের উপার্জনের একটি অংশ অসহায় মানুষের কল্যাণে ব্যয় করে তিনি মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মতিয়ার রহমানের অঙ্গীকার, যতদিন বেঁচে থাকবেন ততদিন গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকবেন। নিজের সামর্থ্য অনুযায়ী প্রতি মাসে এ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবেন। মানুষের মুখে হাসি ফোটানো এবং অসহায় পরিবারের কষ্ট কিছুটা লাঘব করাই তাঁর এই উদ্যোগের মূল লক্ষ্য।
স্থানীয়দের মতে, দুবাইয়ের মতো প্রবাসে থেকেও প্রতি মাসে দেশে এসে অসহায় মানুষের জন্য এমন উদ্যোগ পরিচালনা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
পরিচিতি ও ঠিকানা: মতিয়ার রহমান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খানজাপুর গ্রামের বাসিন্দা। তিনি একজন দুবাই প্রবাসী, ব্যবসায়ী ও জনদরদি সমাজসেবক।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.