![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৪:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ৯:৪৯ এ.এম
দৌলতদিয়ার পদ্মায় ধরা পড়ল সাড়ে ১৭ কেজির পাঙ্গাশ, বিক্রি ৩৫ হাজার টাকায়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে প্রেমা হালদারের জালে ধরা পড়েছে ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বড় পাঙ্গাশ মাছ। মাছটি ২ হাজার টাকা কেজি দরে মোট ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে দৌলতদিয়া পদ্মা নদীর পাড়ে অবস্থিত মাছ বাজারে মাছটি নিয়ে আসেন জেলে প্রেমা হালদার। পরে আড়তদার ইউসুফ মোল্লার আড়তে নিলামে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। প্রতি কেজি ২ হাজার টাকা হিসাবে মাছটির দাম দাঁড়ায় ৩৫ হাজার টাকা।
জেলে প্রেমা হালদার বলেন, প্রতিদিন সহকর্মীদের নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান তাঁরা। তবে প্রতিদিন জালে মাছ পাওয়া যায় না। মাঝে মধ্যে বড় মাছ ধরা পড়ে। গত রাতে পদ্মা নদীতে তাঁদের জালে ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের পাঙ্গাশ মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রি করে তাঁরা ভালো দাম পেয়েছেন।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, তাঁরা পদ্মা নদীর বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ কেনাবেচা করেন। জেলে ও আড়তদারদের কাছ থেকে মাছ কিনে পরবর্তী সময়ে অনলাইন এবং সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করেন। দৌলতদিয়া মাছ বাজারে প্রতিনিয়ত মাছের দাম ওঠানামা করে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, পদ্মা ও যমুনা নদীতে আগের মতো বড় বড় মাছ এখন আর তেমন ধরা পড়ে না। তবে মাঝেমধ্যে কিছু বড় মাছ পাওয়া যায়। একসময় এই মৌসুমে নদীতে প্রচুর বড় মাছ পাওয়া যেত।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.