![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৬, ২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ১১:৫৭ এ.এম
ধর্মপাশায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের হিফজ প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত
সুনামগঞ্জের ধর্মপাশায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের বাছাই পর্ব সম্পন্ন হয়েছে।
আজ স্থানীয় জামিয়াতু ইব্রাহীম,ধর্মপাশা মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিংপুর মাদ্রাসার শিক্ষার্থী সামিউল ইসলামের হৃদয়স্পর্শী কুরআন তেলাওয়াতের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়।
উপজেলার বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩০ পারা, ২০ পারা, ১০ পারা ও ৫ পারা—মোট চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বিচারকাজ শেষে বিজয়ী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরস্কারের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন ‘হুসাইন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অ্যান্ড থাই গ্লাস হাউজ’-এর স্বত্বাধিকারী ইমাম হুসাইন।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি হাফিজ মো. কামাল হুসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা মুফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফিজ মাওলানা জিয়াউল হক। এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইমাম হুসাইন ও মেহেদী হাসান উজ্জ্বল।
অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মুফতি হাবিবুর রহমান কাসেমী, মুফতি জুবায়ের আলম, হাফেজ মাওলানা আজিজুর রহমান, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম এবং হাফিজ ফজলুর রহমান।
বক্তারা বলেন, "কোমলমতি শিশুদের সঠিক তাজবিদভিত্তিক কুরআন শিক্ষা, মেধা বিকাশ এবং কুরআনী জীবন গঠনে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখছে। শুভানুধ্যায়ীদের এমন সহযোগিতা ও উৎসাহ শিশুদের আগামীতে আরও দূর এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।"
উল্লেখ্য, বাছাই পর্বে উত্তীর্ণ সেরা প্রতিযোগীরা পরবর্তীতে জেলা পর্যায়ের মূল পর্বে ধর্মপাশা উপজেলার প্রতিনিধিত্ব করবেন। পরিশেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.