![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৩:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৭:২৮ এ.এম
ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মানবিক প্রজন্ম গড়ার আহ্বান প্রতিমন্ত্রী সোহেল মনজুরের
নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক চেতনায় সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষার পাশাপাশি আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।
তিনি বলেছেন, শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; বরং জ্ঞান, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে তুলতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী এলাকায় একটি নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষা শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিকতার শিক্ষা দেয়। অন্যদিকে আধুনিক শিক্ষা তাদের বিজ্ঞান, প্রযুক্তি ও সমসাময়িক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার সক্ষমতা তৈরি করে। তাই এ দুই ধারার শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শিশুদের সম্ভাবনা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি শিশুর মধ্যেই রয়েছে অপার সম্ভাবনা। ভালোবাসা, সহমর্মিতা ও যত্নশীল আচরণের মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী করে তুলতে হবে। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের মধ্যে সততা, পরোপকার, সহনশীলতা, দেশপ্রেম ও মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে হবে। কারণ আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব আজকের শিক্ষার্থীদের হাতেই।
অনুষ্ঠানে মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের পড়াশোনার খোঁজখবর নেন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রশাসনের কর্মকর্তা, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.