
ধোবাউড়ায় আদালতের রায়ের নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের অবসান ঘটিয়ে জমির দখল বুঝিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার দুপুরে আদালতের নির্দেশনায় জমির মালিক মনোজ কুমারকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়। জানা যায়, আদালতের রায় অনুযায়ী অবৈধভাবে চয়ন সরকারের দখলে থাকা জমি মালিক মনোজ কুমারকে স্থাপনা ও জায়গাসহ জমির দখল বুঝিয়ে দিতে নির্দেশনা দেওয়া হয়। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা এবং ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের উপস্থিতিতে জমির দখল হস্তান্তর করা হয়। এ সময় মনোজ কুমার তার জায়গায় গিয়ে ভবনে তালা দেন এবং ভবনে নিজের মালিকানার ব্যানার টানিয়ে দেন। এসময় পূর্বের দখলে থাকা চয়ন সরকার বলেন, আদালতের রায় মেনে দখল ছেড়ে দিয়েছি। জমির দখল বুঝে পাওয়ার পর মনোজ কুমার বলেন, আদালতের রায়ের মাধ্যমে আমি আমার জমির দখল ফিরে পেয়েছি। সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, অতিরিক্ত জেলা প্রশাসকের আদালতে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনের রায় অনুযায়ী মনোজ কুমারকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) জমির দখল বুঝিয়ে দিয়েছেন। আদালতের রায় বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে।




