
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭০ জন নারী শ্রমিক নিয়োগ দেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। উপজেলার সাতটি ইউনিয়নে ১০ জন করে মোট ৭০ জন নারী শ্রমিক নিয়োগের জন্য পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা প্রকৌশলীর কার্যালয়।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া, ঘোষগাঁও, বাঘবেড়, দক্ষিণ মাইজপাড়া, গামারীতলা, গোয়াতলা ও ধোবাউড়া ইউনিয়নে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। নিয়োগপ্রাপ্ত নারীরা সংশ্লিষ্ট এলাকার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণসহ নির্ধারিত বিভিন্ন কাজে দায়িত্ব পালন করবেন।
আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। দরিদ্র ও ভূমিহীন পরিবারের সদস্যদের পাশাপাশি বিধবা, স্বামী পরিত্যক্তা এবং পারিবারিকভাবে অসচ্ছল নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া প্রার্থীকে শারীরিকভাবে কায়িক শ্রমে সক্ষম হতে হবে।
আবেদনের শেষ সময় ২৭ অক্টোবর
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৫ অক্টোবর ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয় অথবা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে আবেদন জমা দিতে পারবেন। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদনের সঙ্গে সদ্য তোলা দুই কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া চারিত্রিক সনদ জমা দিতে হবে।
দৈনিক মজুরি ৩০০ টাকা
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত নারী শ্রমিকদের সপ্তাহে ছয় দিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত সড়ক ও স্থানে কাজ করতে হবে। তাঁদের দৈনিক মজুরি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। পাশাপাশি প্রতি কর্মদিবসে মজুরির বাইরে ১০০ টাকা সঞ্চয় হিসেবে জমা রাখার বিষয়টিও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
এ নিয়োগের মাধ্যমে একদিকে গ্রামীণ সড়কের রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার হবে, অন্যদিকে দরিদ্র ও অসচ্ছল নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
আগ্রহী ও যোগ্য নারীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।





