নওগাঁয় ছিনতাই করতে এসে ৩ ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জের চনপাড়া থেকে এসে রিকশাযাত্রী নারীর স্বর্ণের দুল ছিনতাই,চাকুসহ আটক
নওগাঁ শহরে ছিনতাই করতে এসে স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশের হাতে তিন ছিনতাইকারী গ্রেফতার হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) নওগাঁ শহরের রুবীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতাররা হলেন,নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার জামাল (৩৫),ফরিদ (৩৩) ও রবি (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ভুক্তভোগী শাহানাজ আক্তার শিরিন নওগাঁ শহরের রজাকপুর থেকে চার্জার রিকশাযোগে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন। রুবীর মোড় এলাকায় পৌঁছালে ওই তিন ব্যক্তি তাকে চারদিক থেকে ঘিরে ধরেন। এ সময় চাকু দেখিয়ে হত্যার হুমকি দিয়ে তার কানে থাকা প্রায় পাঁচ আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নেন তারা।
ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। একই সময়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে নওগাঁ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চাকু উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উত্তেজিত জনতা আটক ব্যক্তিদের কিছুটা মারধর করে বলে জানা গেছে। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় নিয়মিত ছিনতাই মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ছিনতাইকারীদের আটকে পুলিশকে সহযোগিতা করায় নওগাঁ শহরের স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন