নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার অভিযানে ৯শত কেজি ভিজিএফের চাল উদ্ধার, গ্রেফতার ১

নওগাঁর মান্দায় গরিব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফের চাল অবৈধভাবে মজুদ ও কালোবাজারে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৯শত কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, মান্দা উপজেলার ৬ নম্বর মৈনম ইউনিয়ন এলাকায় দুস্থ মানুষের জন্য বিতরণযোগ্য সরকারি ভিজিএফের চাল অবৈধভাবে পাচার করা হচ্ছে। বিষয়টি জানার পরপরই তিনি মান্দা থানার অফিসার ইনচার্জকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

 

পরে পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, মৈনম ইউনিয়ন পরিষদে বিতরণকৃত সরকারি ভিজিএফের চাল পরিষদ সংলগ্ন এলাকায় আসামি মোঃ বাবু মণ্ডল (৫৬) তার বাড়ির মূল ফটকের পাশে টিনশেড রান্নাঘরে মজুদ করে রেখেছেন। অভিযোগ রয়েছে, এসব চাল কালোবাজারে বেশি দামে বিক্রির পরিকল্পনা করা হচ্ছিল।

 

অভিযান চলাকালে (২০মে)  তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ সেখান থেকে সর্বমোট ৯ শত কেজি সরকারি বরাদ্দের ভিজিএফ চাল জব্দ করে।

 

একই দিন সন্ধ্যায় নিন্দইন ব্রিজ মোড় থেকে মৈনম বাজার হয়ে বাবু মণ্ডলের বাড়ির দিকে যাওয়ার পথে আইয়ুব আলীর দোকানের সামনে পাকা রাস্তার ওপর একটি ভ্যানে করে চাল বহন করতে দেখা যায় মোঃ উজ্জল সাকিদারকে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সাক্ষীদের উপস্থিতিতে তিনি জানান, সরকারি টিসিবি ও ভিজিএফের চাল সংগ্রহ করে বাবু মণ্ডলের বাড়িতে মজুদ রেখে বেশি দামে বিক্রি করা হতো।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল সাকিদার আরও স্বীকার করেন, তার ভ্যানে থাকা চাল বাবু মণ্ডলের বাড়িতে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ জানায়, গ্রেফতারকৃত উজ্জল সাকিদারসহ পলাতক বাবু মণ্ডল এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন একে অপরের সহযোগিতায় সরকারি চাল অবৈধভাবে মজুদ ও কালোবাজারে বিক্রির সঙ্গে জড়িত।

 

এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫-ডি ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,“বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একজনকে গ্রেফতার করা হলেও এর সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন