নওগাঁয় একের পর এক ক্লুলেস হত্যা ও ডাকাতি মামলার রহস্য উদঘাটন, সফল অভিযান পরিচালনা এবং আসামি গ্রেফতারে বিশেষ অবদান রাখায় আবারও সম্মাননা পেলেন নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসিবুল্লাহ হাবিব।
মঙ্গলবার (২০মে) নওগাঁ জেলা পুলিশের আয়োজিত এক অনুষ্ঠানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তাঁকে পুরস্কৃত করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এটি তাঁর তৃতীয়বারের মতো এমন স্বীকৃতি অর্জন।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত ক্লুলেস মার্ডার ও ডাকাতির ঘটনায় ডিবি পুলিশের ধারাবাহিক অভিযান ব্যাপক সাফল্য অর্জন করেছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার, তথ্য সংগ্রহ ও গোপন অনুসন্ধানের মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন করে আসামিদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে জেলা গোয়েন্দা বিভাগ।
পুলিশ সূত্রে জানা যায়, ডিবি ওসি মোঃ হাসিবুল্লাহ হাবিবের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে দুর্ধর্ষ অপরাধীদের গ্রেফতারসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁর নেতৃত্ব, দক্ষতা ও সাহসী ভূমিকার কারণে জেলা পুলিশের ভেতরেও তিনি প্রশংসিত হচ্ছেন।
এ বিষয়ে জেলা পুলিশের একাধিক সদস্য জানান, অপরাধ দমনে নিরলস পরিশ্রম, দ্রুত তদন্ত কার্যক্রম সম্পন্ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে তাঁর কার্যকর ভূমিকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে।
তৃতীয়বারের মতো এই সম্মাননা অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় মহল থেকে নওগাঁ জেলা গোয়েন্দা বিভাগের ডিবি ওসি মোঃ হাসিবুল্লাহ হাবিবকে অভিনন্দন জানানো হয়েছে।




