প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে নওগাঁ জেলার বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
আজ শনিবার (১৪ মার্চ ২০২৬) বদলগাছী উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ৪৮ নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা বাবুলের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এসময় নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল চত্বর, আশপাশের রাস্তা, ড্রেন ও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। হাসপাতালের পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখতে এবং সাধারণ মানুষের মাঝে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনগণের স্বার্থে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে বিএনপি’র নেতাকর্মীরা এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। তারা আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা বাবুল বলেন, পরিচ্ছন্ন পরিবেশ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন হতে হবে এবং সামাজিক উদ্যোগে এগিয়ে আসতে হবে।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




