
নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সড়কপথে চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তা জোরদারে নওগাঁ-৬ আসনের (আত্রাই–রাণীনগর) সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুর উদ্যোগে নিজস্ব অর্থায়নে পুলিশ বক্স নির্মাণ করা হয়েছে।
রাণীনগর উপজেলার বড়বড়িয়া রেললাইন সংলগ্ন এলাকায় মহাসড়কের পাশে পুলিশ বক্সটি নির্মাণ করা হয়। মহাসড়কের গুরুত্বপূর্ণ এই স্থানে পুলিশি নজরদারি বাড়ানোর পাশাপাশি যাত্রী ও স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়দের মতে, নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের এ অংশে পুলিশি উপস্থিতি ও নজরদারি জোরদার হলে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে জরুরি প্রয়োজনে সাধারণ মানুষও পুলিশের সহযোগিতা পাওয়ার সুযোগ পাবেন।
এ উদ্যোগের ফলে মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে এবং আত্রাই ও রাণীনগরসহ আশপাশের এলাকার মানুষের চলাচলে নিরাপত্তাবোধ বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।





