আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী মুফতি আমিনুল ইসলাম ১ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সাথে পরিচিতি পর্ব ও মতবিনিময় করেছেন।
রোববার বিকেলে ১ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় এলাকার মুরুব্বি, যুবক, ব্যবসায়ী, কৃষক, শিক্ষক ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
পরিচিতি পর্বে মুফতি আমিনুল ইসলাম বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, এলাকার মানুষের খেদমতের জন্য চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আপনারা সুযোগ দিলে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও ইনসাফভিত্তিক একটি নওমালা ইউনিয়ন গড়ে তুলবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, মাদকমুক্ত সমাজ গঠন এবং গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে তার প্রধান লক্ষ্য।
এ সময় স্থানীয়রা তার প্রতি সমর্থন জানিয়ে বলেন, মুফতি আমিনুল ইসলাম একজন সৎ, আমানতদার ও ধর্মপরায়ণ মানুষ। তিনি নির্বাচিত হলে নওমালা ইউনিয়নের উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন তারা।
পরিচিতি পর্ব শেষে এলাকাবাসীর জন্য দোয়া করা হয়।