প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৬, ১২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৬, ৮:৪৮ এ.এম
নদীর স্রোতে ভেসে যাচ্ছে কৃষকের স্বপ্ন
নওগাঁর মান্দা উপজেলায় কৃষ্ণচূড়া আত্রাই নদীর তীরবর্তী বিস্তীর্ণ ফসলি জমি আজ নদীর পানিতে তলিয়ে গেছে। হঠাৎ পানি বৃদ্ধি ও নদীর স্রোতের তীব্রতায় পাকা ধানের ক্ষেত ডুবে গিয়ে কৃষকদের মাঝে নেমে এসেছে চরম হতাশা।
সরেজমিনে দেখা যায়, কোমর পানির মধ্যে নেমে কৃষকরা শেষ চেষ্টা হিসেবে ডুবে যাওয়া ধান কাটার চেষ্টা করছেন। কেউ হাতে কাঁচি নিয়ে, কেউবা গোছা করে ধান তুলে বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু প্রবল স্রোত আর পানির তোড়ে তাদের সেই চেষ্টা অনেকটাই ব্যর্থ হয়ে যাচ্ছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এই জমিগুলোই ছিল তাদের একমাত্র ভরসা। অনেকেই ঋণ নিয়ে চাষ করেছিলেন। কিন্তু আকস্মিক বন্যা ও নদীর পানি বৃদ্ধিতে সেই স্বপ্ন এখন ভেসে যাচ্ছে নদীর স্রোতে। এক কৃষক বলেন, “সারা বছরের কষ্ট একেবারে শেষ হয়ে গেল। এখন আমরা কীভাবে চলবো বুঝতে পারছি না।”
এদিকে কৃষি বিভাগের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান সহায়তা না পাওয়ায় কৃষকদের মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে। তারা দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
প্রাকৃতিক দুর্যোগের এমন পুনরাবৃত্তি থেকে রক্ষা পেতে স্থায়ী বাঁধ নির্মাণ ও কার্যকর নদী ব্যবস্থাপনার ওপর জোর দিয়েছেন স্থানীয়রা। অন্যথায় প্রতি বছরই এভাবে কৃষকের স্বপ্ন নদীর স্রোতে হারিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.