ঝালকাঠী সংবাদদাতা: ঝালকাঠির নলছিটিতে জুলাই গনঅভ্যুত্থান-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) প্রতীক কুমার কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মোল্লা, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী,পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান হাওলাদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না, ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন,নলছিটি প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাদাত হোসেন মনু।
এসময় আর-ও বক্তব্য রাখেন, নলছিটি উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক( ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান মনির,নলছিটি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন খান, শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি,শহীদ সেলিম তালুকদারের বোন সুমা আক্তার,পৌর যুবদলের আহবায়ক রুস্তম শরীফ প্রমুখ।
বক্তারা বলেন, হাসিনা সরকারের গুম ও খুনের বিরুদ্ধে সারাদেশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনেই আজ দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। জুলাইকে ধারন করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে যাই। তারা আরও বলেন, জুলাই গনঅভ্যুত্থানে সকল পেশার মানুষ অংশ নিয়েছে। শুধু কথা না বৈষম্য নিরসনে বাস্তবে কাজ করতে হবে। আমরা যদি জুলাইকে ধারন না করি তাহলে আবারও হাসিনার ফ্যাসিবাদ ফিরে আসবে।
আলোচনা সভা সঞ্চালনা করেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম।
