নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা, সদস্য আহত

নাটোরের লালপুর উপজেলার নবীনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পূর্ববর্তী গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র‍্যাব সদস্যরা। এ ঘটনায় এক র‍্যাব সদস্য আহত হয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরও কয়েকজন সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, সোমবার (১২ মে) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে র‍্যাব-৫, সিপিসি-২ নাটোরের এএসআই মোঃ পারভেজ মুন্সীর নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম সিভিল পোশাকে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবরস্থানের পাশে মাদক উদ্ধার সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহে যায়।এ সময় নবীনগর গ্রামের মোঃ সোহাগ মাহমুদ (৩০), পিতা-মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে আনুমানিক ১৫ থেকে ২০ জন একত্রিত হয়ে র‍্যাব সদস্যদের পথরোধ করে পরিচয় জানতে চায়। র‍্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে মোটরসাইকেলযোগে স্থান ত্যাগের চেষ্টা করলে অভিযুক্তরা তাদের ব্যবহৃত মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।খবর পেয়ে লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ র‍্যাব সদস্যদের পরিচয় নিশ্চিত করার পরও কয়েকজন উত্তেজিত ব্যক্তি পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে বলে জানান ওসি মোঃ শফিকুল ইসলাম।ঘটনায় আহত র‍্যাব সদস্য মোঃ শাহীন হোসেন (৩০)-কে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যান্য সদস্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।এ ঘটনায় মোঃ সোহাগ মাহমুদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন