
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী ‘আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়’-এর এডহক কমিটির নতুন সভাপতি মনোনীত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী, এমপি।
তিনি সভাপতি মনোনীত হওয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি, নান্দাইল উপজেলা শাখার পক্ষ থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।
এক যৌথ অভিনন্দন বার্তায় বাংলাদেশ শিক্ষক সমিতি নান্দাইল শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক লিটন বলেন, “তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতো একজন দক্ষ ও দূরদর্শী ব্যক্তিত্ব বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি কেবল বিদ্যালয়ের জন্যই নয়, বরং সমগ্র নান্দাইলের শিক্ষা পরিবারের জন্য একটি বড় প্রাপ্তি।”
শিক্ষক নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, প্রতিমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব ও যুগোপযোগী দিকনির্দেশনায় আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বহুগুণ বৃদ্ধি পাবে। একই সাথে প্রতিষ্ঠানটির সার্বিক অবকাঠামোগত ও প্রশাসনিক উন্নয়ন সাধিত হয়ে এটি অঞ্চলের একটি মডেলে পরিণত হবে।




