ফরিদপুর সদর উপজেলার হাটগোবিন্দপুর দরানীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগ সৃষ্টি করা সড়কটি সংস্কার করা হয়েছে। স্থানীয়দের চলাচলের সুবিধার্থে সাংসদ সদস্য নায়েবা ইউসুফের নির্দেশনায় সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থার কারণে যানবাহন চলাচলে নানা সমস্যা দেখা দিচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে পানি ও কাদার কারণে দুর্ভোগ আরও বেড়ে যায়। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তিতে পড়তে হতো।
বিষয়টি স্থানীয়দের পক্ষ থেকে সাংসদ সদস্য নায়েবা ইউসুফের নজরে আনা হলে তিনি দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এরপর সড়কের ক্ষতিগ্রস্ত অংশে সংস্কারকাজ করা হয় এবং যানবাহন চলাচলের উপযোগী করা হয়।
সড়ক সংস্কারের ফলে হাটগোবিন্দপুর ও দরানীপাড়া এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, সড়কটি সংস্কারের ফলে এখন যানবাহন চলাচল অনেকটা সহজ হয়েছে এবং প্রতিদিনের যাতায়াতে দুর্ভোগ কমেছে।
স্থানীয় বাসিন্দারা সড়কটি নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনীয় স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন।



