নীলফামারীতে যুবদের নিয়ে ‘সমতায় তারুণ্য প্রজেক্ট’-এর উদ্যোগে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিয়ে, নির্যাতন ও জেন্ডার বৈষম্য প্রতিরোধের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে যুবদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা শহরের জোড়দরগা এলাকায় ইউএসএস কার্যালয়ে নতুন অনুপ্রেরণা যুব অ্যাসোসিয়েশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউএসএসের নির্বাহী পরিচালক সভার উদ্বোধন করেন।
সভায় আলোচক হিসেবে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের প্রশিক্ষক সত্যেন্দ্র নাথ রায়, দোস্ত এইড বাংলাদেশের নীলফামারী ইনচার্জ আব্দুল জব্বার এবং নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম।
নতুন অনুপ্রেরণা যুব অ্যাসোসিয়েশনের সভাপতি ছবি রানী রায়ের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মারুফ খান। এতে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, সক্ষমতা বৃদ্ধি, জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া সচেতনতাবিষয়ক আলোচনায় ৩০ জন যুব অংশ নেন।
বক্তারা বলেন, যুবদের মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। পড়াশোনার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে যুবদের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সমাজের নানা অসংগতি দূর করা সহজ হবে।
তাঁরা আরও বলেন, বাল্যবিয়ে, নির্যাতন ও জেন্ডার বৈষম্য প্রতিরোধে যুবদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন করে নিজেদের বিকশিত করার মাধ্যমে যুবরা ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।